জামিন পেলেন ভিকারুননিসার দুই শিক্ষক

ইত্তেফাক রিপোর্ট

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেয়েছেন ওই প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিনাত আখতার। গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের বাসায় আত্মহত্যা করেন অরিত্রী। ওই আত্মহত্যার পেছনে শিক্ষকদের দায়ী করে মামলা করেন অরিত্রীর পিতা দিলীপ অধিকারী। ওই মামলার পর শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিন পান। কিন্তু ওই দুই শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রায় দেড় মাস পর গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তারা।