বগুড়ায় শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের উঁচুলবাড়িয়া গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত রবিবার বাড়ির পাশে অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকের সামনে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন এই প্রেমিক যুগল।

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, এক বছর আগে উপজেলার উঁচুলবাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে এক সন্তানের জনক আজিজুল হকের (৩০) সঙ্গে পাশের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে এক সন্তানের জননী কেয়া আক্তার টপির (২২) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় গিয়ে বিবাহ করেন তারা। কয়েক মাস সংসারও করেন। এরপর চলতি জানুয়ারি মাসের শুরুতেই বাড়ি আসেন; কিন্তু তাদের এই বিবাহ উভয় পরিবার মেনে নিতে অসম্মতি জানায়।

পরবর্তীতে এনিয়ে একাধিক গ্রাম্য সালিস বৈঠক করা হলেও সমঝোতা হয়নি। এতে ক্ষোভ ও অভিমান করে বাড়ির পাশের একটি কমিউনিটি ক্লিনিকের সামনে গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই প্রেমিক যুগল। পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাত্ক্ষণিক তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক কেয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আর গতকাল সোমবার সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় মারা যান আজিজুল হক।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।