ইত্তেফাক রিপোর্ট
গণ বিশ্ববিদ্যালয়ের অক্টোবর-২০১৮ সেশনের অনার্স কোর্স ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ২৪তম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে সমবেত হয়ে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতি গঠনে ৭টি শপথ বাক্য পাঠ করেন। শিক্ষার্থীদের ভাল মানুষ হওয়ার পথ নির্দেশক শপথ বাক্যগুলো পাঠ করান গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।
শপথগ্রহণ শেষে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে এমবিবিএস শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম নজরুল ইসলাম ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডা. শাকিল মাহমুদ। বক্তারা নবাগত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে ভাল চিকিত্সক হওয়ার জন্য মনোযোগের সাথে পড়াশোনা করতে এবং জাতি-ধর্মের ভেদাভেদ না করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান।