রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে আসলাম মিয়া (১৬) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার সকালে নিহতের বোন বাদী হয়ে মেহেদী ও মনির নামে দুইজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। শনিবার দুপুরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডে আসলাম মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত আসলাম চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডের বাকপ্রতিবন্ধী গিয়াস উদ্দিনের ছেলে। সে স্থানীয় নবকিশলয় স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত আসলাম মিয়ার বোনজামাই ইলিয়াছ মিয়া জানান, আসলাম মিয়ারা দুই ভাই এক বোন। ভাই-বোনের মাঝে আসলাম মেজো। শ্বশুর গিয়াস উদ্দিন বাকপ্রতিবন্ধী হওয়ায় সংসারের খরচ মেটাতে শাশুড়ি মাজেদা বেগম দুবাইয়ে চাকরি করতে যান। মাজেদা বেগমের উপরই পুরো সংসার নির্ভরশীল।
কয়েক মাস আগে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আসলাম মিয়ার সঙ্গে একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মেহেদী হাসানের বাগবিতণ্ডা হয়। ওই সময় মেহেদী হাসানকে মারপিট করে আসলাম। এরপর মেহেদী হাসানের পরিবার আসলামের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছিল। এরপর থেকেই তাদের মাঝে শত্রুতা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, শনিবার দুপুরে আসলাম মিয়া বাড়ির পাশের একটি দোকানে বসেছিল। এসময় মেহেদী হাসান পেছন থেকে এসে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আসলামের পেটের একপাশে আঘাত করে। এতে আসলাম মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা আসলামকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল হক বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।