দোহারে নাশকতা মামলায় বিএনপি নেতা আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার দোহারে নাশকতা মামলায় দোহার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো. আব্দুল হালিমকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় উপজেলার মুকসুদপুর সরকারি পদ্মা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান রনি জানান, আব্দুল হালিম একাধিক নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। বহুদিন ধরে তাকে আটক করার জন্য পুলিশ তত্পর ছিল।

এদিকে আটক বিএনপি নেতা হালিম জানান আমার বিরুদ্ধে রাজনৈতিক দুইটি ‘গায়েবী মামলা’ হয়েছে। এ মামলাগুলো কেন, কী বিষয়ে হয়েছে আমি কিছুই জানি না। তবে কিছু দিন আগে আমি একটি মামলায় আদালত থেকে জামিন নিয়েছি।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, আব্দুল হালিম জঙ্গী মদদদাতা ও নাশকতার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে তিনটি নাশকতা মামলার ওয়ারেন্ট আছে। একাধিকবার তাকে আটক করার চেষ্টা করেও বার বার পুলিশ ব্যর্থ হয়েছে। হালিমকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।