ঢাকা কাস্টমস হাউসের প্রধান ফটকে বিক্ষোভ করেছেন কাস্টমস এজেন্টারা। গতকাল সোমবার দুপুরে বারি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমানকে কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহবুব মারধর করেছেন বলে অভিযোগ কাস্টমস এজেন্টদের। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা। এতে করে কাস্টমস হাউসের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সন্ধ্যা ছয়টার দিকে কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের নিয়ে বৈঠক করেন কাস্টমস হাউসের কমিশনার।
ঘটনা প্রসঙ্গে বারি এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমান বলেন, একটি পণ্যের মূল্যের কাগজপত্র নিয়ে যুগ্ম কমিশনার মাহবুবের রুমে গিয়েছিলাম দুপুর দু’টার দিকে। কাগজপত্রে পণ্যের মূল্য কম লিখেছি বলে তিনি আপত্তি জানান এবং আমাকে মারধর শুরু করেন। এরপর আমার আইডি কার্ড কার্ড রেখে দেন। জোরপূর্বক আমার কাছ থেকে লিখিত নেন। এর আগেও তিনি একাধিক এজেন্টকে মারধর করেছেন।
ঢাকা কাস্টমস হাউসের একটি সূত্র জানায়, বারি এন্টারপ্রাইজের বিরুদ্ধে পণ্যের মূল্যের কাগজপত্রে তথ্য গোপনের অভিযোগ রয়েছে।