মেয়াদ শেষ করার আগেই বেসরকারি খাতের দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ ছাড়তে হচ্ছে সোহেল আর কে হুসাইনের। তাকে এক মাসের ছুটিতে পাঠানো হয়েছে। অবশ্য এটা ছুটি হলেও এ ব্যাংকে তার ফেরার আর কোনো সম্ভাবনা নেই। গতকাল দি সিটি ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) এমডি এ ই আব্দুল মুহাইমেন একইভাবে পদত্যাগ করেছিলেন।
এদিকে দি সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে মাশরুর আরেফিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের (এএমডি) দায়িত্বে আছেন। এরপর তিনিই এ ব্যাংকের এমডি হচ্ছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
সূত্র মতে, পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছিল দি সিটি ব্যাংক। প্রতিবছর কমে যাচ্ছিল ব্যাংকটির নিট মুনাফা। পরিস্থিতির উন্নতি না হওয়া কিংবা সামাল দিতে না পারায় সোহেল আর কে হুসাইনকে এ পদ ছাড়তে হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।