বনানীতে ট্রেনে কাটা পড়ে দম্পতির রহস্যজনক মৃত্যু

রাজধানীর বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলেন, অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরী (৫০)। বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা তা পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে কোন তথ্য পাওয়া যায়নি। 

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকায় কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেসে কাটা পড়ে ওই দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতের ছেলে অংকুর চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে তাদের লাশ শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ নেই-এ মর্মে অঙ্গীকার করার পর বিনা ময়নাতদন্তে লাশ দুটি তাদের কাছে হস্তান্তর করে।

 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা দুইজন প্রত্যেকদিন বিকালে হাঁটতে বের হতেন। সবুজবাগের মায়াকানন এলাকা থেকে হাঁটতে হাঁটতে কখনও বিমানবন্দর এলাকায় চলে যেতেন।

 

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই  মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আশপাশের লোকজন পুলিশকে জানিয়েছে যে, ট্রেন আসার আগে ওই দম্পতি রেললাইনের ওপর বসা ছিলেন।  এরপর তারা কীভাবে দুর্ঘটনার শিকার হলেন তা অন্য কোনো পথচারীর বক্তব্য পাওয়া যায়নি।

 

নিহতের ছেলে অংকুর ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের জানিয়েছেন যে, তার বাবা-মা বৃহস্পতিবার বিকালে ঘুরতে বেরিয়েছিলেন। পুলিশের কাছে খবর পেয়ে হাসপাতালে এসে তাদের লাশ শনাক্ত করেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সদরঘাট এলাকার দক্ষিণ নালাপাড়ায়।

 

 

ইত্তেফাক/ইউবি