১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ৮২ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে পাকিস্তান।
শনিবার (০৭ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েসলি মাধেভেরের ফিফটিতে ৬ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে অধিনায়ক বাবর আজমের ঝড়ো ফিফটিতে ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান করে পাকিস্তান।
ফখর জামানকে নিয়ে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন বাবর। ২৪ বলের জুটিতে তারা তুলেন ৩৬ রান। ১২ বলে ১৯ রান করে ফখর মুজারবানির শিকার হয়ে ফিরলে মাত্র ৭ রানেই আউট হন হায়দার আলি।
তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে নিয়ে ৫৫ বলে ৮২ রানের আরেকটি ঝড়ো জুটি বাবরের। ১৭তম ওভারে এসে পাকিস্তান অধিনায়ক হন চাতারার শিকার। ৫৫ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় তার সংগ্রহ ৮২ রান।
এরপর হাফিজ যখন ৩২ বলে ৩৬ করে মুজারবানির বলে বোল্ড হন, জয় থেকে তখন মাত্র ১ রান দূরে পাকিস্তান। খুশদিল শাহ ৫ আর মোহাম্মদ রিজওয়ান শূন্য রানে অপরাজিত থেকেই বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। দলীয় ৫ রানে ডাক মেরে বিদায় নেন ওপেনার চামু চিভাভা। অধিনায়কের বিদায়ের পর দলের হাল ধরেন ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। ঝড়ের আভাস দিলেও টেইলর সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২০ রানে। এরপর মাধেভেরের ব্যাটে এগোতে থাকে জিম্বাবুয়ে।
সেট হওয়ার পরও বেশিক্ষণ উইকেটে টেকেননি উইলিয়ামসও (২৫)। তার বিদায়ের পরপর দ্রুত ফিরে যান সিকান্দার রাজা (৭) ও রায়ান বার্ল (৮)। তবে শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন এল্টন চিগুম্বুরা। ১৩ বলে ২১ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪৮ বলে ৭০ রানে অপরাজিত থাকেন জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দিয়ে মাধেভেরে। তার ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ১ ছয়ে।
পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন হারিস রউফ আর ওয়াহাব রিয়াজ। মোহাম্মদ হাসনাইন আর উসমান কাদির পান একটি কর উইকেট।
ইত্তেফাক/এসআই