পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা এখন আর বাংলাদেশের সমস্যা নয়। এটা একটা আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন। আর সকলে মিলেই এ সমস্যার সমাধান করতে হবে।
মঙ্গলবার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন সিলেট হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা কারো সঙ্গে শত্রুতা নয়, বরং সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক রেখেই চলতে চাই।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েই ভারত সফর প্রসঙ্গে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর ভারত সরকারই প্রথম আমাদের অভিনন্দন জানিয়েছে। তাছাড়া আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে ভারত সরকারের সঙ্গে আলাপ আলোচনা করবো।
সিলেট বিমান বন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা পররাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে সিলেট হযরত শাহজালাল মাজারে নিয়ে আসে।
আরো পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির ৪০৭ আসন শূন্য
এসময় তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, আজ আমি সিলেটের সন্তান হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি।
তিনি প্রয়াত আব্দুস সামাদ আজাদ ও হুমায়ুন রশিদ চৌধুরীকে কথা স্মরণ করে বলেন, তারা সিলেটের মানুষ হয়ে দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাদের যে সুনাম রয়েছে এবং তারা যেভাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আমি তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তাদের এই সুনাম আমি আমার কাজের মধ্য দিয়ে ধরে রাখতে চাই।
ইত্তেফাক/জেডএইচ