সোমবার সকালেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে করাচিগামী বিমানে চড়ার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। মুলতান সুলতানের হয়ে খেলতে যাওয়ার আগে রুটিন মাফিক করোনাভাইরাস পরীক্ষা করাতে গিয়ে দুঃসংবাদ পেলেন মাহমুদউল্লাহ। প্রথমবার করোনা পজিটিভ রিপোর্ট পেয়ে বিস্মিত হয়েছেন। পরে দ্বিতীয়বারও পজিটিভ রিপোর্ট পেয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
করোনা আক্রান্ত হওয়ায় পিএসএলে যাওয়া হচ্ছে না মাহমুদউল্লাহর। এখন নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘করোনা পরীক্ষায় পজিটিভ আসায় আমি অবাক হয়েছি। ৬ নভেম্বর আমি করোনা পরীক্ষা করাই। আমার ঠাণ্ডা লাগা ছাড়া জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ ছিল না। আমি গতকাল দ্বিতীয়বারের মতো পরীক্ষা করিয়েছি এবং সেটার ফলাফলও পজিটিভ এসেছে।’
নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, ‘বর্তমানে আমি আলাদা একটি ঘরে থাকছি। আমি আমার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে কিছুটা চিন্তিত। আমি আমার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।’
পিএসএলে খেলার সুযোগ হারিয়ে কিছুটা হতাশ অভিজ্ঞ এই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘পিএসএলে খেলার সুযোগ হাতছাড়া হওয়াটা হতাশার। এটি একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। সেখানে দুটি ম্যাচ খেলার ভালো সুযোগ ছিল আমার। আমি এখন দ্রুত সুস্থ হওয়ার জন্য চেষ্টা করছি এবং বঙ্গবন্ধু টি-২০ তে অংশ নিতে চেষ্টা করছি।’
এদিকে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন সাকিব আল হাসান। আজ ফিটনেস টেস্টে অংশ নিতে বাধা নেই বাঁহাতি এই অলরাউন্ডারের।
ইত্তেফাক/এসআই