৩২তম বিসিএস (কৃষি) এর কমিটি গঠন

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৩২তম বিসিএস (কৃষি) এর বার্ষিক সাধারণ সভা। গত শনিবার অনুষ্ঠিত এই সভায় ৩২ তম বিসিএস এর সভাপতি হিসেবে মো. মিজানুর রহমান, সহ-সভাপতি হিসেবে মহুয়া শারমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে আফরোজা সুলতানাকে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কৃষিবিদদের বলিষ্ঠ পদযাত্রায় তার অগ্রণী ভূমিকা ছিলো।

সহ-সভাপতি পদে নবনির্বাচিত মহুয়া শারমিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জ্যেষ্ঠ সন্তান।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত আফরোজা সুলতানা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের গ্র্যাজুয়েট। তার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ওমেদ আলী যুদ্ধ চলাকালীন সময়ে বিখ্যাত 'দিল্লি পদযাত্রা'য় অংশগ্রহণ করেন এবং তৎকালীন যশোর এম এম মাইকেল মধুসূদন দত্ত কলেজ শাখা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, ৩২তম বিসিএস শুধুমাত্র  মুক্তিযোদ্ধাদের সন্তান ও নারীদের জন্য সংরক্ষিত ছিল।

ইত্তেফাক/জেডএইচডি