তথ্য সংগ্রহকারী অ্যাপ সরাতে উদ্যোগ নিয়েছে গুগল

 

গুগল প্লেস্টোরের এমন কিছু অ্যাপ সরানোর  উদ্যোগ নিয়েছে যা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের এমন কার্যক্রমের বাস্তবায়ন হবে বলে নাইন টু ফাইভ গুগল ডটকমের একটি প্রতিবেদনে জানিয়েছে গুগল। প্রতিবেদনে বলা হয়েছে— ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসএমএস ও কল লগ থেকে তথ্য সংগ্রহ করা অ্যাপগুলো প্লে স্টোর থেকে সরানো হবে।

সম্পতি গুগল প্রোডাক্ট ম্যানেজার পল ব্যাংকহেড একটি  ব্লগ পোস্টেও একই ঘোষণা দেন।  তিনি  আরো জানান, গুগলের নতুন নীতিমালা অনুযায়ী, এসএমএস ও কল লগ থেকে তথ্য নেওয়াটা প্রয়োজনীয় হলে ব্যবহারকারীর কাছে অনুমতি চাওয়ার সময় ব্যাখ্যা করতে হবে কোন কাজে ও কেনো এই তথ্যগুলো নেওয়া হবে। এছাড়াও যে সকল অ্যাপ ডেভেলপাররা অনুমতি সাপেক্ষে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করেন তাদেরকেও গত অক্টোবরে ৯০ দিনের সময় বেধে দিয়েছিল গুগল। এ সময়ের মধ্যে ডেভেলপারদেরকে পারমিশন সরাতে বলা হয়। পারমিশন ডিকলারেশন ফর্ম জমা দিলে গুগল নিজেই পর্যালোচনা করে দেখবে কোন অ্যাপগুলো এসএমএস ও কল লগ থেকে তথ্য নিতে পারবে। এসব নির্দেশ না মানা হলে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হবে অ্যাপ।

এর আগেও একই অভিযোগে প্লে স্টোর থেকে অন্তত ২২টি অ্যাপ সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে ইন্টারনেট সিকিউরিটি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান সোফস জানিয়েছে, গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো সরানো হয়েছে সে অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য চুরি করত। ওই অ্যাপ ব্যবহারের ব্যবহারকারীদের ব্যবহূত মোবাইলের ব্যাটরিও বেশি খরচ হতো। এই অ্যাপগুলো সবসময় সচল থেকে তাদের নিজস্ব সার্ভারের সঙ্গে যোগাযোগ অক্ষুন্ন রাখতো।                                        সূত্র: নাইন টু ফাইভ গুগল ডটকম