ঘন কুয়াশায় ক্ষতির মুখে বোরো বীজতলা

কুড়িগ্রামের উলিপুরে কনকনে ঠাণ্ডা আর ঘন কুয়াশায় ক্ষতির মুখে বোরো ধানের বীজতলা। চারাগাছে লালচে রং ও পচন রোগ দেখা দেওয়ায় চলতি বোরো মৌসুমে চারা সংকটের আশংকা করছেন কৃষকরা। এ অবস্থায় বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখে তা রক্ষার চেষ্টা করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার এক হাজার তিনশ ৯৫ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বোরো উফশী এক হাজার ২৫ হেক্টর, হাইব্রিড তিন শত ৫৫ হেক্টর ও স্থানীয় জাতের ১৫ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। যা দিয়ে ২১ হাজার চারশ ৪৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করে ৮৭ হাজার আটশ ছয় মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

উপজেলার কৃষক আমিনুল ইসলাম, মোজাম্মেল হক, বাদশা মিয়া, আঃ কাদেরসহ অনেকে জানান, গত কয়েক দিনের শীত ও কনকনে ঠাণ্ডার কারণে বীজতলার চারা গাছ গুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বোরো বীজতলার এ দৃশ্য দেখা গেছে। কৃষকরা জানান, কৃষি বিভাগের পরামর্শে সেচসহ ছত্রাক নাশক ওষধ স্প্রে করছেন। 

আরও পড়ুন: বুধবার দেখানো হবে শিশুদের তিনটি চলচ্চিত্র

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং পরিমাণ মত সার ও পানি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/অনি/জেডএইচডি