পার্বত্য চট্টগ্রাম হবে উন্নয়ন এবং শান্তির জায়গা

রাঙ্গামাটির সাংসদ ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলে সরকারের ব্যাপক উন্নয়ন সইতে পারছে না জেএসএস। খুন, গুম, চাঁদাবাজদের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে তারা। তিনি বলেন, সবুজ শ্যামল পাহাড়কে জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে অবৈধ অস্ত্র উদ্ধারের বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রাম হবে উন্নয়ন এবং শান্তির জায়গা।

দীপংকর তালুকদার এমপি গত সোমবার সন্ধ্যায় কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে কাউখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনোত্তর কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতুমং মারমা, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাঈনুদ্দিন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সিরাজ উদ্দিন কাউসার প্রমুখ।