রামগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগঞ্জ উপজেলার দল্টা বাজারে সোমবার রাতে শালিসি বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী কাজল পাটোয়ারী, আবু তাহের, মনির মাস্টার, যুবলীগ নেতা সুমন, ইউপি মেম্বার ও ইউপি আওয়ামী লীগের সদস্য হালিম, সাবেক মেম্বার হানিফকে রামগঞ্জ সরকারি হাসপাতাল এবং অন্যদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে রামগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ ফজলুর রহমান, এসআই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্রে জানায়, ভাটরা ইউনিয়নের দল্টা বাজারস্থ বেক্সিমকো প্রেট্রোলিয়াম গ্যাসের পরিবেশক জাকির হোসেন নিষিদ্ধ ট্রলি ব্যবহারে ফসলি জমির মাটি কেটে ব্যবসা করে আসছে। ভাটরা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ওই ট্রলি চলাচলের বাধা দেয়। ঘটনা মীমাংসা করতে সোমবার বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আজাদ চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে শালিসি বৈঠক বসে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

রামগঞ্জ থানার দায়িত্বরত ওসি (তদন্ত) মো. ফজলুর রহমান জানান, সংঘর্ষের খবর পাওয়ামাত্রই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশকিছু হকিস্টিক উদ্ধার করা হয়েছে। উভয়পক্ষ পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে ব্যবসায়ীর লাশ উদ্ধার

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা জানান, চাটখিল থানা পুলিশ গত সোমবার রাতে উপজেলার নাথপাড়া গ্রাম থেকে ব্রজলাল শীল (৫২) নামে এক পাল্লা বাজারের এক সেলুন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। ব্রজলাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের মৃত কানু শীলের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ এ এস এম শামছুদ্দিন জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।