কানাডায় আশ্রয় পাওয়া রাহাফ মুহাম্মেদ আল কুনুন বলেছেন, আমি মানুষকে সৌদি আরবের নারীদের বিপন্নতার গল্প শোনাতে চাই। ধর্মান্তরিত রাহাফের দাবি, সৌদি আরবে নারীদের বস্তুর মতো করে দেখা হয়। এছাড়া পরিবার ও রাষ্ট্রের নির্যাতনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও তিনি দাবি করছেন। কানাডায় বৈধ আশ্রয় পাওয়ার পর রাহাফ দেশটির সংবাদমাধ্যম টরেন্টো স্টারকে বলেছেন, এখানে এসে আমি পুনর্জন্মের আনন্দ অনুভব করছি।
সোমবার টরেন্টো স্টারকে দেওয়া সাক্ষাত্কারে রাহাফ বলেন, আমাদেরকে বস্তু হিসেবে দেখা হয়— দেখা হয় দাসের মতো করে। মানুষকে আমি আমার গল্পগুলো শোনাতে চাই। সৌদি নারীদের কী অবস্থার মধ্যে থাকতে হয়, তা জানাতে চাই। কানাডায় আশ্রয় পাওয়ার ব্যাপারে রাহাফ টরেন্টো স্টারকে বলেন, আমি কখনও ভাবিনি, এটা সম্ভব হবে। এ বিষয়ে আমার এক শতাংশ প্রত্যাশাও ছিল না। কানাডায় আমি খুব নিরাপদ বোধ করছি। এই দেশে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ আছে। এখানে আসার পর প্রত্যেকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমার পুনর্জন্মের আনন্দ অনুভূত হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, আমরা সবসময় মানবাধিকার ও নারীর অধিকারের পক্ষে অবস্থান নেব। এ কারণেই জাতিসংঘের পক্ষ থেকে আমাদের সহায়তা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমরা রাহাফকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।