সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের চলমান মতবিরোধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, ‘মার্কিন সেনা সরিয়ে নেওয়া শুরু হওয়ায় সিরিয়ায় চলমান অভিযানসহ’ দ্বি-পাক্ষিক বিষয়ে আলোচনা করেন ট্রাম্প ও এরদোগান। ট্রাম্প এরদোগানকে বলেন, তিনি সিরিয়ায় তুরস্কের নিরাপত্তা দুর্ভাবনার বিষয়টি আমলে নিতে চান। তবে মার্কিন মিত্র কুর্দিদের সঙ্গে যাতে দুর্ব্যবহার করা না হয়, সেটাকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা নিয়ে ন্যাটোর মিত্র দেশ দুইটির মতবিরোধের মধ্যেই তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প।
এর আগে তুরস্কের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছিলেন এরদোগানের এক মুখপাত্র। মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, সিরিয়ায় আইএস জঙ্গিদের সামলানোর বিষয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কৌশলগত সমঝোতা হয়েছে তা মেনে চলা উচিত।