টেস্ট সিরিজ শেষে প্রথম ওয়ানডেতে ফিরে দাঁড়িয়েছিলো অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ছুড়ে দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে পৌছতে গিয়ে ৩৪ রানে হেরেছিলো ভারত। গতকাল আরও বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া। কিন্তু এবার ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের খুঁজে পেলেন।
বিশেষ করে বর্তমান অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরি ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঝড়ো ফিফটিতে ৬ উইকেটে জয় পেলো ভারতীয়রা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। ১৮ তারিখ মেলবোর্নে অনুষ্ঠিত হবে সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচ।
টসে জিতে আগে ব্যাট করতে গিয়ে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ২৬ রানেই তারা হারিয়ে ফেলে ২ উইকেট। এরপর উসমান খাজাকে নিয়ে প্রথম পাল্টা আক্রমণ করেন শন মার্শ। মূলত অস্ট্রেলিয়ার ইনিংসটা দাঁড়িয়েই ছিলো এই মার্শের ব্যাটিংয়ের পর। ২১ রান করে খাজা আউট হওয়ার পর মার্শ আরও দুটো জুটি করেন পিটার হ্যান্ডসকম্ব ও স্টয়নিসের সাথে। হ্যান্ডসকম্ব ২০ ও স্টয়নিস ২৯ রান করে বিদায় নেন। আর এরপরই উইকেটে এসে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৩৭ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৮ রান করে বিদায় নেন। অন্য প্রান্তে শন মার্শ ১২৩ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ১৩১ রান করে আউট হন। শেষ দিকে অবশ্য অস্ট্রেলিয়া আর এই গতিতে রান করতে পারেনি। ভারতের পেসার মোহাম্মদ শামি থামিয়ে দেন অস্ট্রেলিয়ানদের তাণ্ডব।
শামি নেন ৩ উইকেট। অবশ্য ভারতের সবচেয়ে সফল বোলার ছিলেন ভুবনেশ্বর কুমার। তিনি তুলে নেন ৪৫ রানে ৪ উইকেট।
জবাব দিতে নেমে ভারতকে ৪৭ রানের উদ্বোধনী জুটি এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ধাওয়ান ২৮ বলে ৩২ রান করে ফেরেন। এরপর রোহিত আউট হন ৫২ বলে ৪৩ রান করে। এখান থেকে খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন বিরাট কোহলি। তিনি এক প্রান্তে পাল্টা আক্রমণ চালাতে থাকেন। আম্বাতি রাইডু ২৪ রান করে ফিরে আসেন। আর এরপরই ভারতের জয় নিশ্চিত করা ইনিংস খেলেন ধোনি। বিরাট কোহলি ও ধোনি ৮২ রানের একটা জুটি করেন। কোহলি ১১২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ১০৪ রান করে ফেরেন। এরপর আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিককে নিয়ে ম্যাচ শেষ করে আসেন ধোনি।
শেষ ৩ ওভারে ভারতের দরকার ছিলো ২৫ রান। পরপর দুই ওভারে ৯ করে ১৮ রান নিয়ে নেন ধোনি ও কার্তিক। শেষ ওভারে দরকার ছিলো ৭ রান। প্রথম বলেই ছক্কা মেরে ধোনি সব উত্তেজনা শেষ করে দেন। শেষ পর্যন্ত ধোনি ৫৪ বলে ২টি ছক্কায় সাজানো ৫৫ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে ১৪ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন কার্তিক।
সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৯৮/৯ (শন মার্শ ১৩১, ম্যাক্সওয়েল ৪৮, স্টয়নিস ২৯, খাজা ২১, হ্যান্ডসকম্ব ২০; ভুবনেশ্বর ৪/৪৫, শামি ৩/৫৮)।
ভারত: ৪৯.২ ওভারে ২৯৯/৪ (কোহলি ১০৪, ধোনি ৫৫*, রোহিত ৪৩, ধাওয়ান ৩২, কার্তিক ২৫*)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি