৭২ কোটি টাকা অবৈধ অর্জনের অভিযোগ

ফরিদপুরের আলোচিত সেই সহদরের বিরুদ্ধে দুদকে মামলা

ফরিদপুরের অপরাধ জগতের আলোচিত সহদর সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ৭২ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বৃহস্পতিবার দুদক কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে দুদকের সম্মিলিত জেলা কার্যালয়-১ (সজেকা) এ মামলা দুটি দায়ের করেন। আলোচিত এ দুই ভাইকে অর্থপাচারসহ নানা অভিযোগে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।  

দুদক সূত্র জানায়, প্রথম মামলায় মো. সাজ্জাদ হোসেন বরকতকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামি কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ৪৪ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩২ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন এবং তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৩৬ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৬৫২  টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন। তিনি দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

আরো পড়ুন : ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের হাবিব হাসান নির্বাচিত

অপর মামলা মো. ইমতিয়াজ হাসান রুবেল কে আসামি করা হয়েছে। আসামি কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ২৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার ১৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন এবং তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১৭ কোটি ৯০ লাখ ৩ হাজার ১৪১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন। তিনি দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

ইত্তেফাক/ইউবি