স্পোর্টস রিপোর্টার
মেয়েদের টি-টোয়েন্টি স্ম্যাশ ক্রিকেট চলছে থাইল্যান্ডের ব্যাংককে। সেখানেই ভূতুড়ে এক কাণ্ড ঘটালো চীনের মেয়েরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা অলআউট হয়েছে মাত্র ১৪ রানে!
আরব আমিরাতের ২০৩ রানের জবাবে চীনারা অবশ্য ১০ ওভার ব্যাট করে। সেখানে অলআউট হওয়ার আগে ১৪ রানের বেশি করতে পারেনি তারা। ফলে, হারতে হয় ১৮৯ রানের বিশাল ব্যবধানে।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা রানের বিচারে সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ১৭৯ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিল নামিবিয়া।
আর বলাইবাহুল্য, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো দলই এত কম রানে অলআউট হয়ে যায়নি। ফলে, এই লজ্জার রেকর্ডটাই নিশ্চয়ই মনে রাখতে চাইবে না মেয়েদের টি-টোয়েন্টিতে ২৫তম র্যাংকিংয়ে থাকা চীনের মেয়েরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০১৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয় নেদারল্যান্ড। এর আগে এটাই ছিল টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোর।
টস জিতে প্রথমে ব্যাটিং করে আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে চিয়া মুগলকে সঙ্গে নিয়ে ৭৯ বলে ১২১ রানের জুটি গড়েন এশা রোহিত। ৩৮ রান করে ফেরেন মুগল। ৬২ বলে ৮২ রান করেন এশা রোহিত। এছাড়া কাভিশা এগোডেজ ও নমিতা ডিসোজের ২৫ ও ২৬ রানে ভর করে তিন উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে আরব আমিরাত।
টার্গেট তাড়া করতে নেমে এশা রোহিত ও ইশনি মানানেলেজের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১৪ রানে অলআউট চীন নারী ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ চার রান করেন হিন লিলি। আমিরাতের হয়ে এশা রোহিত এবং ইশানি মানানেলেজ তিনটি করে উইকেট ভাগাভাগি করেন। এছাড়া দুই উইকেট নেন নমিতা ডিসোজ।
টি-টোয়েন্টি স্ম্যাশ ক্রিকেটে অংশ নিচ্ছে ক্রিকেটের পিছিয়ে পড়া দলগুলো। সেখানে চীন ও আরব আমিরাত বাদে বাকি তিনটা দল হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমার।