এশিয়ান কাপ থেকে বিদায়
স্পোর্টস ডেস্ক
বাহরাইনের কাছে শেষ মুহূর্তের পেনাল্টিতে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় নিল ভারত। একই সাথে সরে দাঁড়ালেন ভারতের দীর্ঘকালীন কোচ স্টিফেন কনস্টানটাইন।
ভারত এবারের এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল। কিন্তু অতটুকুই। এরপর সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল দক্ষিণ এশিয়া থেকে যোগ্যতা অর্জন করা একমাত্র দলটি।
স্বাগতিক আরব আমিরাত ও বাহরাইন এই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠেছে।
এর মধ্যে সর্বশেষ হারটির জন্য কোচকে দায়ী করা হয় ভারতের গণমাধ্যমে। কিন্তু কোচ দাবি করেন তিনি কখনোই ড্রয়ের জন্য খেলাননি দলকে। বরং তিনি মনে করেন বাহরাইন ছয় ফরোয়ার্ডকে নামিয়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল।
স্টিফেন কনস্টানটাইনের এটি ছিল দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব পালন। ২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে ভারতের জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রথম দফায় দায়িত্ব পালন করেছিলেন বৃটিশ এই কোচ। পরের দফায় তার কোচিংয়েই ভারত ফিফার বিশ্ব র্যাংকিংয়ে ১৭৩ থেকে ৭৬ এ পৌঁছে ছিল।
কনস্টানটাইন খেলা শেষে সংবাদ সম্মেলনে বিদায় প্রসঙ্গে বলেন, ‘আমি এখানে গত চার বছর রয়েছি। প্রথমদিন থেকেই আমার লক্ষ্য ছিল এশিয়ান কাপে খেলা এবং আমরা সেটা পেরেছি। আমার কাছে যা চাওয়া হয়েছিল আমি করে দিয়েছি।’