দীর্ঘ সফরে আসছে ইংল্যান্ড যুব দল

যুব ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের প্রথম টেস্ট জয় ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৯ সালে জো রুট, বেন স্টোকসদের ইংল্যান্ড যুব দলকে ২ উইকেটে হারিয়েছিল মুমিনুল হক, এনামুল হক, আবুল হাসানদের বাংলাদেশ যুব দল। বর্তমান যুব দল সেই ইংল্যান্ডের বিপক্ষে এবার আবার ঘরের মাটিতে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পাচ্ছে। প্রায় এক মাসের সফরে বাংলাদেশে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ২০ জানুয়ারি ঢাকা পৌঁছাবে দলটি। সেদিনই তারা চলে যাবে কক্সবাজার। কক্সবাজারে ২৫ জানুয়ারি তারা খেলবে একটা প্রস্তুতি ম্যাচ। এরপর ২৭ জানুয়ারি তারা খেলবে একমাত্র টি-টোয়েন্টি। এরপর কক্সবাজারেই তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড যুব দল। ২৯, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। এরপর দুই দল চলে আসবে চট্টগ্রাম। সেখানে দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা। ৭ থেকে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের ম্যাচ। এরপর ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড বাংলাদেশ ছেড়ে যাবে।