নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে সাভারের ট্যানারির কার্যক্রম পরীক্ষার দাবি

ইত্তেফাক রিপোর্ট

সাভারের চামড়া শিল্প নগরীর বর্জ্য শোধনাগারের অব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছেন ট্যানারি মালিকরা। এবার ওই প্রকল্পের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ (সিইটিপি) সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রকল্পের  কার্যক্রম একটি স্বাধীন, দক্ষ ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা। পরীক্ষার মাধ্যমে ওই প্রকল্পের সার্বিক কার্যক্রমের প্রকৃত অব্যবস্থাপনা চিহ্নিত করা ও এর ভিত্তিতে সমাধানেরও দাবি তাদের। গতকাল মঙ্গলবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে সাক্ষাত্ করে এ দাবি জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নেতারা। বৈঠকে ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠকসূত্র জানায়, এ সময় মন্ত্রী ট্যানারির বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠক শেষে শাহীন আহমেদ ইত্তেফাককে বলেন, সাভারের চামড়া শিল্পনগরীর বর্তমান পরিস্থিতি আমরা মন্ত্রীকে জানিয়েছি। সিইটিপি সঠিকভাবে কাজ করে কিনা কিংবা কঠিন বর্জ্য (সলিড ওয়েস্ট) ব্যবস্থাপনা কীভাবে হচ্ছে। এ জন্য ভবিষ্যতে কী করা প্রয়োজন। এসব বিষয়ে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে পরিদর্শন করার অনুরোধ জানিয়েছি। এছাড়া সেখানে প্লট বরাদ্দপ্রাপ্তদের জমির নিবন্ধনও এখনো হয়নি। এ বিষয়ে যা করা দরকার, সবই করবেন বলে মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন।

বহুল আলোচিত সাভারের চামড়া শিল্প নগরী সময়মতো তৈরি না হওয়া, ট্যানারি মালিকদের সেখানে যেতে গড়িমসি, সরকারের তরফে বহুবার সময় বাড়ানো এবং এক পর্যায়ে চাপ সৃষ্টি করার প্রেক্ষাপটে ট্যানারি মালিকদের বেশিরভাগই এখন সেখানে কার্যক্রম পরিচালনা করছে। সূত্র জানিয়েছে, ১৫৫টি প্লট মালিকের মধ্যে শ’খানেক প্রতিষ্ঠান সেখানে কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে ৭৫টি ট্যানারি তাদের পুরো কাজ সাভারে পরিচালনা করলেও বাদবাকি ট্যানারিগুলো পুরো কার্যক্রম সাভারে স্থানান্তর করেনি।

 অভিযোগ রয়েছে, সাভার চামড়া শিল্প নগরী পরিবেশবান্ধব ও কমপ্লায়েন্ট হিসেবে গড়ে তোলার মূল লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। এজন্য প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিসিক ও উদ্যোক্তারা এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছে। তবে মূল সমস্যা সিইটিপি চালু নিয়ে। শাহীন আহমেদ বলেন, সিইটিপি’র চারটি মডিউল চালু করার কথা থাকলেও দুই তিনটি হয়ত চালু আছে। এর মধ্যে আবার খরচ বাঁচানোর জন্য বর্জ্য শোধন না করে রাতের আঁধারে কিছু বর্জ্য পাশেই ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। এছাড়া কঠিন বর্জ্যও সঠিকভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে না। অন্যদিকে শ্রমিক নেতাদের অভিযোগ, সাভারের চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের স্বার্থেও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি।

বৈঠক সম্পর্কে শিল্প মন্ত্রণালয় থেকে মন্ত্রীর বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার ট্যানারি শিল্পের জন্য অত্যাধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ সিইটিপি নির্মাণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে। চামড়া শিল্পের দ্রুত বিকাশে চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পনগরী নির্মাণের কাজ চলমান রয়েছে।