মোদী এখন আমার মেয়েরও বন্ধু :ট্রাম্প

হোয়াইট হাউসে আসার পর-পরই নরেন্দ্র মোদীকে ‘বন্ধু’ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও বললেন। সঙ্গে জুড়ে দিলেন, ‘এখন তো উনি আমার মেয়ে ইভাঙ্কারও ভালো বন্ধু হয়ে উঠেছেন।’

মেয়েকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসে দিওয়ালি পালনের সময় এমন কথা বলেন  ট্রাম্প। সেই সময় তার সঙ্গে ছিলেন এক ঝাঁক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কর্মকর্তাও। সেখানে প্রথমে মোদী এবং তার পরে ভারতের ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ভারতের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় আমেরিকা। চান, যৌথ সম্পর্ক আরও পোক্ত হোক।

উত্সবের মেজাজে অবশ্য ভারতীয়দের প্রসংসা করে ট্রাম্প বললেন, ‘ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশ থেকে আসা কঠোর পরিশ্রমী কর্মীদের পেয়ে আমাদের দেশ ভাগ্যবান। আমরা সবাই এখন একটা মার্কিন পরিবারেরই অংশ।’ তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে ভালো ব্যবসা করতে আমরা চেষ্টার ত্রুটি রাখছি না। তবে ভারতীয়রা ব্যবসাটা খুব ভালো বোঝে। তবু আমি আশাবাদী। পারস্পরিক সম্পর্কের দিক থেকে আমরা এখন খুব ভালো জায়গায়।’ — আনন্দবাজার পত্রিকা