ডিএসইতে নয় মাসের মধ্যে সূচক সর্বোচ্চ পর্যায়ে

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার আর্থিক খাতের উপর ভর করে বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। সোমবার প্রধান সূচক কিছুটা কমলেও গতকাল মঙ্গলবার ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮শ পয়েন্টে অবস্থান করছে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, গেলো নয় মাসের মধ্যে সূচক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৪টি কোমপানির ২৯ কোটি ৮ লাখ ১৯ হাজার ৪৩৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। এর ফলে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৩৯ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকা। সোমবারের তুলনায় সূচক বাড়লেও লেনদেন ৭ কোটি টাকা কমেছে। 

গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৫৮৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে ২০২৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৩৩০ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, কেপিসিএল, বিবিএস কেবলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাক্টিভ ফাইন, এফএএস ফিন্যান্স, আল-হাজ্বটেক্স, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার ও সিঙ্গার বিডি। দর বৃদ্ধির শীর্ষে ছিলো ইউনাইটেড ফাইন্যান্স, অগ্রণী ইন্সু., আল-হাজ্বটেক্স, ইস্টার্ন ইন্সু., ওরিয়ন ইনফিউশন, সোনারবাংলা ইন্সু., সানলাইফ ইন্সু., ইউনাইটেড ইন্সু., বাংলাদেশ ন্যাশনাল ইন্সু. ও জেমীনি সী ফুড।

অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৫৭ পয়েন্টে। গতকাল সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।