‘চাঁদের এত আলো’ শিরোনামে শিল্পী ইফফাত আরা দেওয়ানের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে সমকালীয় চিত্রশালা শিল্পাঙ্গনে। গতকাল মঙ্গলবার রাজধানীর লালমাটিয়া গ্যালারি শিল্পাঙ্গনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী মনিরুল ইসলাম বলেন, ইফফাত আরার ছবির বিষয় সহজ ও সাধারণ হলেও এর একটা আলাদা ছন্দ আছে। তিনি সংগীতে যা করেন তাই তার চিত্রশিল্পে প্রকাশ করেছেন। তার আঁকা ছবিতে রঙের আধিক্য নেই, ভেতরের ডিজাইনও চমত্কার। তার ছবিতে প্রকৃতি ধরা দিয়েছে নিবিড়ভাবে। ছবির যে নামকরণ করেছেন, সেগুলো অসাধারণ।
অ্যাডভোকেট নাহিদ মাহতাব বলেন, শিল্পী ইফফাত আরা রবীন্দ্র সংগীতের এক ধ্রুবতারা। ১৯৯০ সালের দিকে যার আঁকাআঁকি শুরু। ’৯২ সাল থেকে প্রদর্শনী করছেন। তার ছবিতে রবীন্দ্র সংগীতের একটা ছন্দ খুঁজে পাওয়া যায়। এটা তার ছবির একটা বৈশিষ্ট্য। তার ছবিগুলো দেখলে একটা নষ্টালজিয়া কাজ করে। ছবির বিষয়গুলো খুব সাধারণ হলেও মন ছুঁয়ে যায়।
শিল্পী ইফফাত আরা বলেন, গানের ফাঁকে ফাঁকে ছবি আঁকি। যখন কিছু সৃষ্টি করি, অনেক আনন্দ পাই। সেই আনন্দটাই সবার মাঝে ছড়িয়ে দিতে প্রদর্শনীর আয়োজন করা। ইফফাত আরা একাধারে একজন সংগীত শিল্পী ও একজন চিত্রশিল্পী। তার ছবি জীবনের আকুতি, আনন্দ-বেদনা প্রকাশের অন্যতম রূপ। প্রদর্শনীতে মোট ৪৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। বাংলাদেশের বাইরেও তিনি ভারত, সিঙ্গাপুর ও ফ্রান্সে একক প্রদর্শনী করেছেন। দর্শকদের জন্য প্রদর্শনী বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। সাংবাদিক রুমী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা আর্ট গ্যালারির স্বত্বাধীকারী মুস্তফা খালিদ পলাশসহ আরো অনেকে।