প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো দুজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এমপিকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক ও সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। জয় এর আগেও একই পদে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে দুটি পৃথক আদেশ গতকাল মঙ্গলবার জারি করা হয়। সালমান এফ রহমানকে সকল সুযোগ-সুবিধা দিয়ে পূর্ণমন্ত্রীর মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এই নিয়োগ দিয়েছেন। এই দায়িত্ব পালনে সজীব আহমেদ ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তার নিয়োগ অবৈতনিক ও খণ্ডকালীন।
এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টাকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল এসব উপদেষ্টা বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয়ী হয়। এরপর ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ জনের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন, যাদের সবাই আওয়ামী লীগের। নতুন মন্ত্রিসভায় ৩১ জনই নতুন। এর মধ্যে ২৭ জন জীবনের প্রথমবারের মতো মন্ত্রিসভায় যুক্ত হলেন। আর সদ্যবিদায়ী মন্ত্রিসভার ৪৮ জনের মধ্যে ৩৪ জনকেই বাদ দেওয়া হয়েছে। আর তফসিলের আগে পদত্যাগ করা চার টেকনোক্র্যাট মন্ত্রীর মধ্যে দুজনকে নতুন মন্ত্রিসভায় স্থান দেওয়া হলেও বাকি দুজন বাদ পড়েছেন।