মনের মানুষ পাইয়ে দেয়ার আশ্বাসে প্রতারণা

মনের মানুষকে পাইয়ে দেয়াসহ জিনের মাধ্যমে সব সমস্যার নিশ্চয়তা দিয়ে প্রতারণার অভিযোগে রমেন হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। 

শুক্রবার রাতে রাজধানীর কদমতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রমেনের মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত তার ফেসবুক আইডিসহ অন্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমসমূহ জব্দ করা হয়।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি মো. নাজমুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমি-জমার ঝামেলা জিনের দ্বারা সফল করার শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করে দেয়ার বিজ্ঞাপন প্রচার করে। এই জাতীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিশেষ করে মহিলাদেরকে আকৃষ্ট করে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতো।

আরো পড়ুন : এক নজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সময়সূচি 

পরবর্তী সময়ে সংগৃহীত অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করত। এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী পুলিশে অভিযোগ করলে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। গ্রেফতার রমেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় আইসিটি আইনে মামলা করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি