স্টাফ রিপোর্টার দিনাজপুর
ব্যতিক্রমধর্মী শীতের কবলে এবার দিনাজপুরসহ দেশের উত্তর জনপদ। তীব্র সূর্যালোকের কারণে দিনের বেলা তেমন শীত অনুভূত না হলেও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার কারণে বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত দাপট বাড়ছে তীব্র শীতের। এই সময়ে তীব্র শীতে কাবু হয়ে পড়ছে এই অঞ্চলের মানুষ। তাপমাত্রার তারতম্যের কারণে বেড়েছে বিভিন্ন রোগ-বালাই।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরসহ এই অঞ্চলে এবার ব্যতিক্রমধর্মী শীত অনুভূত হচ্ছে। বেশ কয়েকদিন থেকে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তিনি জানান, সূর্যের প্রখর তাপের কারণে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকছে। দিনের বেলা তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হচ্ছে। কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় সন্ধ্যার পর থেকে তাপমাত্রা ক্রমশ দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে। তাপমাত্রা কমে গিয়ে এই সময়ে ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে চলে আসছে।
আবহাওয়া অফিসের এই কর্মকর্তা জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।