অসম্মান মনে করছে না বিসিবি

কোয়ারেন্টাইনের মেয়াদকাল ইস্যুতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) অটল থাকায় স্থগিত হয়ে গেছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। সেপ্টেম্বরে স্থগিত হওয়া সফরে বাংলাদেশকে ছাড় না দিলেও সম্প্রতি ইংল্যান্ডকে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা রাখেনি এসএলসি।

জানুয়ারিতে গলে দুই টেস্ট খেলবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। এই সফরে ইংল্যান্ড দলকে কোয়ারেন্টাইন করতে হবে না। শ্রীলঙ্কা পৌঁছে অনুশীলন করবে ইংলিশরা এবং প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকদের বিরুদ্ধে।

একই সুবিধা চেয়েও পায়নি বাংলাদেশ। ১৪ দিন কোয়ারেন্টাইনের নিয়মে কঠোর অবস্থান নিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের এমন দ্বৈত নীতি এবং বাংলাদেশকে ছাড় না দেয়ায় অসম্মানের কিছু দেখছে না বিসিবি। 

শনিবার লঙ্কান বোর্ডের এমন দ্বিমুখী নীতি সম্পর্কে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমি অসম্মানের কিছু বলবো না। তারা জানুয়ারি মাসে খেলা দিয়েছে, তারা আশা করছে যে আরও ভালো পরিস্থিতি হবে। কিন্তু আমিও মনে করি প্রথমে আমরা খেলতে চেয়েছিলাম শ্রীলঙ্কাতে, প্রথম দেশ হিসেবে। এবং আমাদের প্ল্যানটা তাই ছিল। আন্তর্জাতিক ক্রিকেট আমাদের দিয়েই শুরু করার কথা ছিল। আমরা যেভাবে তাদের কাছে অনুরোধ করেছি তারা সেটা রাখেনি। যেহেতু এটা তাদের পলিসি, আমি আমার জায়গা থেকে কোন মন্তব্য করতে পারিনা।’

ইত্তেফাক/এসআই