রংপুর অফিস
রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রংপুরে নির্মাণ হচ্ছে শিশু হাসপাতাল। ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি নির্মাণ কাজ শুরু হওয়া এই হাসপাতালটির কাজ শেষ হবে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে।
রংপুর মহানগরীর সদর হাসপাতালের তিন একর জায়গায় এটি নির্মিত হচ্ছে। ১০০ শয্যার পূর্ণাঙ্গ শিশু হাসপাতালটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৩২ কোটি টাকা। রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডটিই হবে নতুন শিশু হাসপাতাল। মূল হাসপাতাল থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত ছিল এ ওয়ার্ড। এক সময় অযত্ন-অবহেলা আর দুর্ভোগ থাকলেও এখন সেই জায়গাতেই নির্মিত হচ্ছে রংপুরবাসীর বহুল প্রত্যাশিত ও দীর্ঘদিনের আন্দোলনের ফসল পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল। ইতোমধ্যে তিনতলা বিশিষ্ট হাসপাতালটির অবকাঠামো দাঁড়িয়ে গেছে।
রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশন ভবনের উল্টো দিকে ১৭ একর জায়গায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডটি ছিল। এর আগে রংপুর সদর হাসপাতাল নামে এখানে একটি হাসপাতাল ছিল। তারও আগে অর্থাত্ ব্রিটিশ আমলে ১৮৪০ সালে এটি ছিল একটি ডিসপেনসারি। ১৯৩০ সালে সেটি রংপুর সদর হাসপাতাল হিসেবে রূপান্তরিত হয়। ১৯৭০ সালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসাপাতাল প্রতিষ্ঠার পর প্রথম এর কার্যক্রম শুরু হয় রংপুর সদর হাসপাতাল নামে। নতুন অবকাঠামো তৈরি হলে ১৯৭৬ সালে সদর হাসপাতাল থেকে রমেক হাসাপাতালটি নগরীর ধাপ এলাকায় স্থানান্তর করা হয়। সদর হাসপাতাল চত্বরে থেকে চলে যায় রমেক হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডটি।
রংপুর সদর হাসপাতাল পুনঃচালুকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডা. মফিজুল ইসলাম মান্টু বলেন, এই হাসপাতালটি পুনরায় বাস্তবায়নের জন্য আমরা বহুদিন থেকে আন্দোলন করে আসছিলাম। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে।
রংপুর জেলা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ চৌধুরী জানান, পুরনো সংক্রামক ব্যাধি ওয়ার্ডটিতেই ১০০ শয্যার পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল নির্মাণ কাজ হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী বছরের মার্চের মধ্যে এটি চালু করা সম্ভব হবে।