কটিয়াদীতে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী সংক্রান্তি মেলা

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদী উপজেলার ভোগ বেতালে ৫শ’ বছরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী গোপীনাথ বাড়িতে মঙ্গলবার থেকে দশ দিনব্যাপী সংক্রান্তি মেলা শুরু হয়েছে। কথিত আছে ১৫৮৫ সালে সামন্ত রাজা নবরঙ্গ রায় স্বপ্নদৃষ্ট হয়ে গোপীনাথ মন্দির প্রতিষ্ঠিত করেন। মন্দির প্রতিষ্ঠার পর মন্দিরের প্রথম সেবায়েত জগন্নাথ মিশ্রের তিরোধান দিবস উপলক্ষে সংক্রান্তি মেলার আয়োজন করা হয়।

মেলায় খেলনা, মিষ্টি, কাঠের রকমারি স্টল বসেছে। ছয়টি গ্রাম জুড়ে চলছে উত্সবের আমেজ। মেলা উপলক্ষে এসব গ্রামের জামাইদের দাওয়াত করা হয় পিঠা খাওয়ার জন্য। এ রেওয়াজ চলছে দীর্ঘদিন ধরে।

মেলা কমিটির সম্পাদক দিলীপ কুমার সাহা জানান, এ উপলক্ষে বার্ষিক ৬০তম উত্সবের আয়োজন করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.এম.এ আফজল। বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। সভাপতিত্ব করবেন অ্যাড. পরিতোষ চক্রবর্তী।