মামলা থেকে রক্ষা পেতে ইয়াবা খেয়ে ফেলেন নারী চোরাকারবারী

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর বাঘায় মামলা থেকে রক্ষা পেতে নিজের কাছে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেলেন বুলবুলি নামে এক নারী চোরাকারবারী। সোমবার রাতে বাঘা থানা পুলিশ ইয়াবাসহ ওই নারীকে আটক করলে তার কাছে থাকা ইয়াবা পানি ছাড়াই গিলে ফেলেন তিনি। পরক্ষণে তার অবস্থা বেগতিক হলে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বুলবুলির বাড়ি ঈশ্বরদী বিমানবন্দর এলাকায়।

থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর বাঘা সীমান্ত এলাকার মীরগঞ্জ থেকে ফেন্সিডিল নিয়ে ঈশ্বরদী  ফিরছিল বুলবুলি।  এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ উপজেলার মনিগ্রাম এলাকা থেকে (বডি ফিটিং) অবস্থায় ১২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পথিমধ্যে তার বোরখার পকেটে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট পানি ছাড়াই সেবন করে বুলবুলি। এতে করে তার প্রেসার  বেড়ে যায়। এরপর অবস্থা বেগতিক দেখে ওসি তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে সাময়িক চিকিত্সা দেওয়ার পরে চিকিত্সক তাকে রামেক হাসপাতালে পাঠান। 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, ওই চোরাকারবারী অত্যন্ত চতুর। এখন পর্যন্ত সে তার পরিচয় পুলিশকে জানায়নি। তার নম্বরে এক ব্যক্তি ফোন করেছিল, তার মাধ্যমে শুধুমাত্র তার নাম এবং এলাকা শনাক্ত করতে পেরেছি। তবে পূর্ণ ঠিকানা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এ ঘটনায় বাঘা থানায় একটি চোরাচালান মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।