মেলানিয়ার চাপে পদ ছাড়তে বাধ্য হলেন ট্রাম্পের উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বচসায় জড়িয়ে পদ ছাড়তে বাধ্য হলেন হোয়াইট হাউসের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেল। বুধবার তাকে তার পদ থেকে সরানো হয়।

রিকার্ডেল তার স্বামীর সঙ্গে কাজ করার সম্মান পাওয়ার যোগ্য না, ফার্স্ট লেডি মেলানিয়ার এমন দাবির পর এ পদক্ষেপ নেওয়া হয়। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেছেন, “হোয়াইট হাউস ছেড়ে এই প্রশাসনেরই নতুন একটি ভূমিকায় থেকে রিকার্ডেল প্রেসিডেন্টকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন।” তবে রিকার্ডেলের নতুন পদ কী হচ্ছে তা জানাননি স্যান্ডার্স। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা রিকার্ডেলকে নিজের সহকারী হিসেবে কাজ করার জন্য নিয়ে এসেছিলেন। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অক্টোবরে ফার্স্ট লেডির আফ্রিকা সফরের প্রাক্কালে সফরের আলাপ-আলোচনা ও সফরে সরকারি রসদের ব্যবহার নিয়ে মেলানিয়া ট্রাম্প ও তার কর্মীদের সঙ্গে রিকার্ডেল বচসায় জড়িয়ে পড়েছিলেন। আরও কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হোয়াইট হাউসে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার দুর্নামও তৈরি হয়েছিল রিকার্ডেলের।