দেবীগঞ্জে দরিদ্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ জন দরিদ্র ছাত্রীর মাঝে মঙ্গলবার দুপুরে কম্বল বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি নারগিসের ব্যক্তিগত সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান এ কম্বল বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের দাতা আব্দে মোকতাদীরসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার সকালে বেসরকারি সংস্থা টিএমএসএস দেবীগঞ্জ শাখার উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শীতার্তদের মাঝে ৫শ পিচ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, সদর ইউনয়নের ইউপি চেয়ারম্যান আবু তোরাব সরকার, ওসি রবিউল হাসান সরকার, টিএমএসএসের দিনাজপুর বিভাগীয় প্রধান এস.এম.বাবুল, সহকারী পরিচালক আহসান হাবিব মোহনসহ সংস্থার অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কলমাকান্দায় উপকারভোগীদের মধ্যে গরু বিতরণ
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি কর্তৃক উপকারভোগীদের মধ্যে মঙ্গলবার ৫৩৫টি বকনা গরু বিতরণ করা হয়। এ উপলক্ষে এপি মিলনায়তনে শান্তি দেবনাথের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ, ভেটেরিনারি সার্জন ডা. ফারুক আহমেদ, কলমাকান্দা এপি ম্যানেজার ইউজিন রড্রিক্স, এপি ম্যানেজার পরিতোষ রেমা ও প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।
দিনাজপুরে ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ
দিনাজপুর অফিস গ্রামীণ ব্যাংক দিনাজপুর এরিয়া আয়োজিত আস্করপুর গ্রামীণ ব্যাংক শাখায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আস্করপুর দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার মো. আব্দুল মোক্তাদির (উপ-ব্যবস্থাপক)। স্বাগত বক্তব্য রাখেন জোনাল অডিট অফিসার আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক এরিয়া ম্যানেজার (এসপিও) মো. আমিনুল ইসলাম, আস্করপুর অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজার মো. আশরাফ আলম ও বীর মুক্তিযোদ্ধা মো. শুকুর আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম অফিসার মোস্তাফিজার রহমান।
অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন
ধামরাই (ঢাকা) সংবাদদাতা আদালতে মামলা চলমান অবস্থায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ধামরাইয়ের কৃষ্ণপুরা গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক তোফাজ্জাল হোসেন গতকাল মঙ্গলবার তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ওই শিক্ষক পরিবারের লোকজন জানান, তাদের শেষ সম্বল ৩২ শতাংশ জমি জবরদখল করে স্থানীয় সামচুদ্দিন, আব্দুর রহমান ও মতিনগং বালু ভরাট করে আসছে। বাধা দিলে তাদের মারধর ও গুম করার হুমকি দেয়া হচ্ছে। দখলকারীরা অত্যন্ত প্রভাবশালী বিধায় তাদের সঙ্গে ওই শিক্ষক পরিবার কোনোভাবেই পেরে উঠছেন না বলে অভিযোগ করা হয়। সম্মেলনে আরও জানানো হয়, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা আদালতে দুইটি মামলা করেছেন। আদালতের নির্দেশ অমান্য করে তারা জমি দখল অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই শিক্ষক পরিবার সুবিচার প্রার্থনা করে।
রায়গঞ্জে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা রায়গঞ্জ পৌর এলাকায় দরিদ্র শীতার্তদের মাঝে সোমবার সেচ্ছাসেবী সংস্থা আলেয়া মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক এম এম হাসানুজ্জামান সুলতান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের স্বত্বাধিকারী ডা. এম এম আক্তারুজ্জামান সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান ও পৌরসভার ওয়ার্ড কমিশনারবৃন্দ।
নাগরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা “বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” এ প্রতিপাদ্য নিয়ে গতকাল নাগরপুরে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ রাধা বল্লভ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রাশেদুল আলম, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ, পচাসারটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন প্রমুখ।
বাগেরহাটে নারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট জেলায় ‘নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলার বিষয়ে করণীয়’ শীর্ষক একটি কর্মশালা মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারী শিক্ষার প্রতিবন্ধকতা, নারী শিক্ষা অব্যাহত রাখতে স্থানীয়ভাবে কি করণীয়, নারীকে আত্মপ্রত্যয়ী গড়ে তুলতে বিভিন্ন বাধাসমূহ, স্থানীয় পর্যায়ের করণীয় দিকসমূহ এবং সরকারের কি কি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এসব বিষয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এ বি এম জাকির হোসেন। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো: আনোয়ার হোসেন সোহাগ, জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান প্রমুখ।
সরকারি লালন শাহ্ কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
হরিণাকুণ্ড(ঝিনাইদহ) সংবাদদাতা হরিণাকুণ্ডের ঐতিহ্যবাহী সরকারি লালন শাহ্ কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিন মঙ্গলবার পুরস্কার বিতরণী ও পিঠা উত্সব অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে কলেজ প্রাঙ্গণে পিঠা উত্সবের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী সরকারি লালন শাহ্ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা ৬টি স্টলের মাধ্যমে পিঠা উত্সবের আয়োজন করে। সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ইউনুচ আলীসহ অন্যান্য শিক্ষকদের নিয়ে পিঠা উত্সবের উদ্বোধন করেন। পিঠা উত্সব শেষে বিকেলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ আতিয়ার রহমান।
হোমনায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয়তা করার লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় হোমনায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ প্রতিযোগিতায় উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রামকৃষ্ণপুর কেকে আরকে উচ্চ বিদ্যালয়, ২য় স্থান হোমনা সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার সাজেদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর মেয়র অ্যাড. মোঃ নজরুল ইসলাম, মত্স্য কর্মকর্তা কারিশমা আহমাদ জাকসি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, প্রধান শিক্ষক কাইয়ুম আবদুল মারুফ ও লুত্ফর রহমান প্রমুখ।
কুমিল্লায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজালাল, প্রাথমিক শিক্ষা অফিসার আশফিয়া রহমান। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ মিজানুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিজ্ঞা পরিষদের বশিরুল হাসান বাবুল, মোতাহের হোসেন চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি সারাদেশে ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
মধুখালীতে শীতবস্ত্র বিতরণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গত সোমবার ইউনিয়নের অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্যা। এ সময় ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে সরকারিভাবে প্রাপ্ত প্রায় তিনশত কম্বল অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।
বাঘায় ইয়াবাসহ যুবক আটক
বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘায় ইয়াবাসহ হাসান আলী নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। খোঁজ নিয়ে জানা গেছে, বাঘা সীমান্ত এলাকার পাকুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে হাসান আলী নিজে মাদক সেবনসহ চোরাচালান ব্যবসা করে আসছিল। সর্বশেষ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ ২১ পিস ইয়াবাসহ তাকে আটক করে। বাঘা থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, হাসান আলীকে আটকের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।