পাড়াতলীতে কবি শামসুর রাহমানের স্মৃতিচিহ্ন বিলুপ্তির পথে

নরসিংদী জেলার রায়পুরা উপজেলা থেকে ৭ কিলোমিটার দূরে মেঘনা নদীর দক্ষিণ তীরে পাড়াতলী গ্রাম। এই গ্রামেই কবি শামসুর রাহমানের পৈত্রিক ভিটা রয়েছে। এখানে কবি বহুবার এসেছেন মাটির টানে, নাড়ির টানে। এখানে কবির বহুস্মৃতি ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাঁর পদচারণায় মুখর হয়েছে পাড়াতলী গ্রামের বিভিন্ন স্থান। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের অভাবে সেসব স্থান আজ ধ্বংসের সম্মুখীন। প্রসঙ্গত, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ‘স্বাধীনতা তুমি’ এবং ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’—এই কালজয়ী কবিতা দুটি কবি তাঁর পৈত্রিক বাড়ির পুকুরপাড়ের আমগাছের নিচে বসে রচনা করেছিলেন। কবির স্মৃতি স্মরণীয় করে রাখতে পাড়াতলীর সেই স্থানে একটি স্মৃতিফলক স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এরশাদুর রহমান (চন্দন)

গ্রাম ও ডাকঘর: পাড়াতলী,

রায়পুরা, নরসিংদী