চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সার্কিট হাউজের বাইরে গতকাল মঙ্গলবার দুপুরে ফুল দেয়াকে কেন্দ্র করে অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কির সময় কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি হয়। প্রায় ১৫ মিনিটের হাতাহাতি হুড়োহুড়ির পর একটি গ্রুপকে শ্লোগান দিতে দিতে সার্কিট হাউজ চত্বর ত্যাগ করে চলে যেতে দেখা যায়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর গতকাল তিনি প্রথমবারের মতো চট্টগ্রামে আসেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই সার্কিট হাউজ চত্বরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, অঙ্গসংগঠন, পেশাজীবীদের প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হয়। মন্ত্রী সকালে সার্কিট হাউজে পৌঁছার পর তিনি মিলনায়তনে সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।