বিতর্ক পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। বিতর্কের স্রোতের মাঝেই আপন গতিতে ছুটছেন বাঁহাতি এই অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-২০ কাপে ব্যাটে-বলে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর কয়েকদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। মূলত ফিটনেস নিয়েই কাজ করেছিলেন। রবিবার প্রথমবার স্কিল অনুশীলনে দেখা গেল তাকে।
মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাটিং করেছেন ঘন্টাখানেক। পরে রানআপ ছাড়াই বোলিং ড্রিল করেছেন সাকিব। গতকাল সকালে বাঁহাতি এই ব্যাটসম্যানকে বোলিং করেছেন কয়েকজন পেসার। শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান রানাকে ভালোভাবেই নেটে সামলেছেন সাকিব। নেটে তার ব্যাটিং সেশন তত্ত্বাবধান করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দুর্দান্ত ফর্মে থেকে গত বিশ্বকাপে ৬০৬ রান করেছিলেন তিনি।
ব্যাটিং অনুশীলনের পর কিছুটা সময় বিশ্রাম নেন এই বাঁহাতি ক্রিকেটার। পরে বোলিংয়ের ড্রিল করেছেন। দাঁড়িয়ে থেকে বল ছুঁড়েছেন। রবিবার দীর্ঘদিন পর নেটে সাকিবকে বোলিং করে খুশি তাসকিন। নেট সেশন শেষে সাকিবের সঙ্গে সাইফউদ্দিনসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই তরুণ।
ইত্তেফাক/এসআই