‘খেলাই মাশরাফির কাছে প্রাধান্য পাবে’

এই তো গত মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩-০ তে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের হয়ে তার পরবর্তী অ্যাসাইনমেন্টটা ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

তবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বলে এই সিরিজে মাশরাফির খেলা না খেলা প্রশ্ন উঠেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বলেছেন, নড়াইল এক্সপ্রেসের খেলাটাই সবার আগে প্রাধান্য পায়। একদিন সুযোগ পেলেও ওয়ানডে সিরিজ খেলবে মাশরাফি।

জাতীয় নির্বাচনে প্রার্থী হতে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন ওয়ানডে অধিনায়ক। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯, ১১ ও ১৪ ডিসেম্বর। আর জাতীয় নির্বাচন ৩০ ডিসেম্বর। প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেলে নির্বাচনী প্রচারের সময়েই ওয়ানডে সিরিজ খেলতে হবে মাশরাফিকে।

বিসিবি সভাপতি বলেছেন, ওয়ানডে অধিনায়কের না খেলার সুযোগ খুবই কম। মাশরাফি খেলবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তো আসলে কঠিন একটি প্রশ্ন। তবে যতদূর জানি তাকে বিশ্বকাপে পাওয়া যাবে। এখন হচ্ছে কি আসলে ওর নির্বাচনের ইস্যুতে সময়টি যদি দেখেন, ওর মনোনয়নপত্র জমা করার একটি ব্যাপার আছে। এখন সে কবে সেই ফর্ম পূরণ করবে বা কবে তুলবে, কি প্রোগ্রাম করবে এটি আসলে আমরা এখনও জানি না। তবে আজকে (গতকাল) ওর সাথে আমার দেখা হবে মনে হয়। সম্ভাবনা আছে। তখন আসলে জানতে পারব। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে বলে আমার ধারণা। ও যদি একদিনের জন্যও খালি থাকে তাহলে অবশ্যই সে খেলবে। কারণ খেলাটা তার কাছে এখনও প্রাধান্য পায় বলে আমি মনে করি।’

নাজমুল হাসান পাপনের বিশ্বাস, রাজনীতিতে নাম লেখানোর কারণে মাশরফির খেলায় কোনো প্রভাব পড়বে না। রাজনীতিতে যাওয়ায় সমস্যা দেখেন না জানিয়ে বিসিবি সভাপতি গতকাল বলেন, ‘এটি আমি মনে করি না (সমস্যা)। কারণ সাকিবও কিন্তু রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু যেহেতু সাকিব আরও চার-পাঁচ বছর খেলবে বলে আমি মনে করি এবং তার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খেলতে।’

পায়ে সাতটি অস্ত্রোপচার নিয়েও খেলছেন মাশরাফি। অধিনায়ক হিসেবে তার বিকল্প নেই মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘মাশরাফির ব্যাপারটি একটু আলাদা। সে যে কতদিন খেলবে আমরা আসলে নিশ্চিত নই। আর ও যে শারীরিক অবস্থা নিয়ে খেলছে সেটাই তো অনেক কিছু। সে কিন্তু খেলোয়াড় হিসেবে নয়, প্রধানত অধিনায়ক হিসেবেই দলের সাথে রয়েছে। অধিনায়ক হিসেবেই সে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওর মত অধিনায়ক আমরা খুঁজে পাচ্ছি না এবং কখনও পাব বলেও মনে হয় না।’ নাজমুল হাসান পাপনের বিশ্বাস রাজনীতির মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে আরও বেশি অবদান রাখবেন মাশরাফি।

এদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১-১ এ ড্র করা সিরিজ নিয়ে খুশি হতে পারেননি বিসিবি সভাপতি। গতকাল ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি পুরোপুরি খুশি না।’ তবে শেষ পর্যন্ত মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুলরা রানে ফেরায় স্বস্তিতে বোর্ড প্রধান। তার মতে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এটি দলের জন্য ইতিবাচক।