ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে নারীসহ পাঁচজন নিহত ও বরসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নূরুজ্জামানের ছেলে হাসান জামাল (৩২), একই এলাকার অপু মিয়া (৩০) ও তার স্ত্রী ঝুমুর বেগম (২৫), রাজিন সালেহিন লিটন (২৮) ও পরশ মিয়া (২৫)। বর আশরাফুল ইসলামসহ তিনজন আহত হয়েছেন। জানা যায়, বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঢাকার খিলগাঁও থেকে সিলেটে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুরের বীরপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হোসেন সরকার জানান, মাইক্রোবাসের চালক নবীর আলীকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বাগেরহাটে বাসের চাপায় পথচারী নিহত
বাগেরহাট প্রতিনিধি জানান, ফকিরহাটে বাসের চাপায় আশরাফ আলী শেখ (৮০) নামে পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আশরাফ আলী বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের।
ঠাকুরগাঁয়ে গাড়ির চাপায় নিহত এক
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি নামক স্থানে নৈশ কোচের চাপায় মোটর সাইকেল আরোহী দানেস (৩৮) নিহত ও অপর আরোহী শুবল রায় আহত হয়েছেন। গত সোমবার রাতে ঠাকুরগাঁও সদরের ছোট খোঁচাবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দানেস ঠাকুরগাঁও সদর ঢোলর হাট এলাকার সুরেন্দ্র নাথ বর্মণের ছেলে ও শুবল রায় আকচা ইউনিয়নের বড়ধাম গ্রামের ধন গোপালের ছেলে।