ইত্তেফাক রিপোর্ট
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুনরায় নির্বাচনের দাবি মোটেও সাংবিধানিক নয়। এটি অত্যন্ত অযৌক্তিক। জনগণ ভোট দিয়েছে, তাই জনগণকে এভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নেই। গতকাল মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাবেক পরিচালক জাফরোল হাসানের অবসরজনিত বিদায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নারী শিক্ষা নিয়ে আল্লামা শফীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, শফী সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে শ্রদ্ধাভরে বলতে চাই, তার এসব উক্তি দেশে যে ইতিবাচক উন্নয়ন হচ্ছে তার বিপরীতে যাবে। তাই এ ধরনের বক্তব্য পরিহার করলে ভালো হবে। তিনি আরো বলেন, আল্লামা শফী যা বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত। তার এসব বক্তব্য বর্তমান সরকারের দেশ পরিচালনায় বা নীতিতে কোনো পরিবর্তন আনবে না। শেখ হাসিনার সরকার নারী অধিকারের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। সেটা আরও দৃঢ় হবে এবং আরও এগিয়ে যাবে। এটাই এই সরকারের নীতি ও বিশ্বাস।
আইনমন্ত্রী বলেন, জনগণের কাছে আইনি সেবা পৌঁছে দিতে না পারলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কোনো মূল্য থাকবে না। তাই আইনি সহায়তা কার্যক্রম জোরদার করার জন্য সংস্থাকে শক্তিশালী করতে হবে। কয়েক দিনের মধ্যেই এ সংস্থার অধীন লিগ্যাল এইড অফিসারের সকল শূন্যপদ পূরণ করা হবে। জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচার কার্যক্রম জোরদার করা হবে। জাতীয় সংসদের আগামী অধিবেশনেই সাক্ষ্য আইন এবং বৈষম্যবিরোধ আইন উত্থাপনের লক্ষ্যে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি জানান।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক বিকাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব গোলাম সারওয়ার প্রমুখ ছাড়াও দাতা সংস্থার প্রতিনিধি বক্তৃতা করেন।