বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গায়েবি মামলা বলে কোনো কিছু নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা হয়। গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ১৯ জানুয়ারির আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
একাদশ জাতীয় নির্বাচনের আগে ও নির্বাচনকালীন সময়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিংবা গ্রেফতার করা হয়েছে সেগুলো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই। তদন্তে যদি কেউ নিরপরাধ প্রমাণিত হন, আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে যাবেন। গায়েবি মামলা বলে কিছু নেই বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়, তাই সন্ত্রাস, জঙ্গিবাদকে পরিত্যাগ করে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে।
বাংলাদেশের মানুষ একাদশ জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আবারও তা প্রমাণ করেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এ দেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। সন্ত্রাস, জঙ্গিবাদ, দেশের মানুষ বিশ্বাস করে না। একাদশ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হয়েছে। সন্ত্রাসীদের ভরাডুবি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, এমপি (ঢাকা-১০), ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক (এমপি), ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (এমপি), ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফাসহ অনেকে।