শিক্ষকদের অভিযুক্ত করলেন বোন তদন্তে কমিটি

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের আত্মহত্যার ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষককে অভিযুক্ত করে তাদের বিচার দাবি করেছেন নিহতের বোন ঢাবি শিক্ষিকা শান্তা তাওহীদা। গতকাল মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে অভিযুক্তদের নাম প্রকাশ করে তারা যাতে কোনো মতে দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। গত সোমবার প্রতীক আত্মহত্যা করেন।

এ দিকে, প্রতীকের আত্মহত্যার ঘটনায় শাবির স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে নিহত প্রতীকের বোন বিভাগীয় শিক্ষদের প্রতি অভিযোগ করে তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া ছেলেটাকে বিভিন্ন ইস্যু বানিয়ে মাস্টার্সে বিভিন্ন কোর্সে নম্বর কম দিয়েছে! আমার ভাইটা টিচার হওয়ার স্বপ্ন দেখেছিল, এটাই তার অপরাধ... গত ছয় মাস ধরে ডিপার্টমেন্ট তিলেতিলে মেরে ফেলছে আমার ভাইকে...।’