গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মো. দিলু শরীফ (৪২) নামে এক বিকাশ এজেন্টকে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মেরী গোপীনাথপুরের শরীফপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দিলু শরীফ গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের মৃত আব্দুস ছালাম শরীফের ছেলে। তিনি বাড়ির অদূরে দিলু স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ওষুধ, কসমেটিকস, বিকাশের এজেন্টসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হযরত আলী জানান, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে দিলু বিকাশের ১ লাখ ৫০ হাজার ও দোকানে মালামাল বিক্রির টাকাসহ প্রায় ২ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। গোপীনাথপুর শরীফপাড়া জামে মসজিদের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে পুরুষাঙ্গ থেঁতলে দেয়। এছাড়া মাথাসহ শরীরের বিভিন্নস্থানে হাতুড়ি দিয়ে পিটিয়ে দিলুকে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা দিলুকে রাস্তায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গভীর রাতে দিলুর মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেছেন, কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।