জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটভাই শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত ৮টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাজধানীর বনানী মসজিদে জানাযা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে মরহুমা শেখ রাজিয়া নাসেরের মরদেহ দাফন করা হবে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা নিশ্চিত করেছেন।
মরহুমা শেখ রাজিয়া নাসেরের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, মেঝ ছেলে সেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-১ আসনের সংসদ সদস্য ও তৃতীয় ছেলে শেখ সোহেল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেখ রুবেল ও শেখ বাবু। তার দৌহিত্র শেখ তন্ময় শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
এছাড়া শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এসআই