নবাবগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারুল আক্তার (৩৫) নামে এক নারীকে তার স্বামী আক্কাস ফকির গলা কেটে হত্যা করেছে। মঙ্গলবার  সকাল ১০টার দিকে উপজেলার দিঘিরপাড় সাত ঘরহাটি এলাকার আব্দুল আজিজের ভাড়া ঘর থেকে পারুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানায়।

আক্কাস উপজেলার বাহ্রা ইউনিয়নের মালিয়াইল গ্রামের মৃত গুনাই ফকিরের ছেলে। সে স্ত্রী ও তার একমাত্র ছেলেকে নিয়ে ঐ গ্রামে প্রবাসী আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকত। নিহতের ছেলে পারভেজ (১১) জানায়, সে সোমবার সন্ধ্যায় একই গ্রামে নানা বাড়িতে ঘুমাতে যায়। সকাল ৮টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা শিকল দেওয়া দেখতে পায়। ঘরে ঢুকে মাকে ডাকতে থাকে। সাড়া না পেয়ে কাছে গিয়ে মায়ের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে চিত্কার দেয়। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়।

পারভেজ আরও জানায়, বাবা প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করত এবং মায়ের গলাটিপে ধরত। বাবাই মাকে হত্যা করেছে বলে পারভেজ অভিযোগ করে। নিহতের মা রাহেলা বেগম বলেন, আমার মেয়ের হত্যাকারীর বিচার চাই। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, পলাতক আক্কাসকে গ্রেফতারের চেষ্টা চলছে।