সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে মেয়েদের জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গত এক দশকেও প্রধান শিক্ষক নিয়োগ দিচ্ছে না বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। প্রধান শিক্ষকের অভাবে বিদ্যালয়ের শৃঙ্খলা না থাকার পাশাপাশি লেখাপড়ার মান দিন দিন খারাপ হচ্ছে। দীর্ঘদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রাখার জন্য ম্যানেজিং কমিটিকে দায়ী করছেন অভিভাবকরা। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত অত্র বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মাত্র ৪৭১ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১২। অপরদিকে জেএসসি পরীক্ষায় পাস করেছে ৬৫৫ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১৮ জন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপেন্দ্র চন্দ্র সরকার জানান, প্রধান শিক্ষকের নিয়োগের বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি বলতে পারবে। আমি এ বিষয়ে কিছুই জানি না। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটির দায়িত্ব ম্যানেজিং কমিটির। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের শৃঙ্খলাসহ লেখাপড়ার মান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে অভিভাবক ও সচেতন মহলের।