ডিমলার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

ডিমলায় ভারতীয় সীমান্তে বিএসএফ’র গুলিতে খলিলুর রহমান (৪০) নামে এক বাংলাদেশী নিহতের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে পশ্চিম ছাতনাই ইউনিয়নের খালপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

জানা যায়, খলিলুর পশ্চিম ছাতনাই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। খলিলুর খালপাড়া সীমান্তের ৭৯১/৬-৭ পিলারের মাঝামাঝি গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র টহলরত একটি দল তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। এ সময় খলিলুর মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ’র দল তাকে টেনে ভারতীয় সীমান্তে নিয়ে যায়।

এ ঘটনায় দুপুরে খালপাড়া সীমান্তের ৭৯১ পিলারে ভারতীয় বিএসএফ হলদিবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশীষ শিংহ ও বাংলাদেশী বিজিবি’র বালাপাড়া ক্যাম্পের সুবেদার মোবারক হোসেনের নেতৃত্বে ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয়।

ভারতীয় বিএসএফ ক্যাম্প কমান্ডার বলেন, খলিলুর একজন গরু ব্যবসায়ী। সে ভারত সীমান্তে কাটা তারের বেড়া কেটে গরু নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। লাশ ময়না তদন্ত শেষে বাংলাদেশে হস্তান্তর করা হবে ।