সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট জানালেন, অনেকগুলো প্রস্তাব পাওয়া সত্বেও পেশাদার ফুটবলার হবার লক্ষ্য ছেড়ে দিতে পারেন তিনি।
ফুটবলার হবার স্বপ্নটা শৈশব থেকেই দেখতেন বোল্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের পাড় ভক্তও ছিলেন তিনি। অ্যাথলেটিক্স ট্র্যাককে বিদায় জানানোর পর তিনি পেশাদার ফুটবলার হওয়ার ব্যাপারে মনোযোগী হন। অস্ট্রেলিয়ান লিগের দল সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সঙ্গে কিছুদিন অনুশীলন করার পর একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জোড়া গোলও করেছিলেন বোল্ট। তবে শেষমেশ দলটির সঙ্গে চূড়ান্ত চুক্তিতে সই করেননি আটবারের অলিম্পিক সোনাজয়ী এই অ্যাথলেট। গত মাসে মাল্টা জাতীয় লিগ চ্যাম্পিয়ন ভ্যালেটা এফসিতে তার যোগ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল।
তবে এত সব পেশাদার চুক্তির প্রস্তাব পাওয়া সত্বেও বোল্ট জানালেন নাতিদীর্ঘ ফুটবল ক্যারিয়ারে যবনিকা টানার কথা ভাবছেন তিনি। তিনি বলেন, ‘সেন্ট্রাল কোস্টের সঙ্গে আমরা চুক্তির ব্যাপারটা নিয়ে ঐকমত্যে পৌঁছুতে পারিনি তাই সেটা সেখানেই শেষ হয়ে গেছে। কিন্তু অন্য ক্লাব থেকেও অনেক প্রস্তাব পেয়েছি আমি।’
অ্যাথলেটিক্স জগতের জীবন্ত কিংবদন্তী জানান, ফুটবলে ক্যারিয়ার গড়া নিয়ে কিছুটা দ্বিধায় ভুগছেন তিনি। বোল্টের ভাষায়, ‘এখন আমরা কেবল এটা খুঁজে বের করার চেষ্টা করছি যে, আমার এখন কি করা উচিত্।’
তবে চলতি মাস শেষ হবার আগেই এই ব্যাপারে একটি সিদ্ধান্তে উপনীত হবেন বলেও জানালেন এই জ্যামাইকান। বোল্ট বলেন, ‘আরেকটা ক্লাবে যাব নাকি একে (ফুটবল) এখানেই বন্ধ করে দেব এ ব্যাপারে নভেম্বর শেষ হবার আগেই আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারব বলে আশা করছি।’